যারাফার মায়ের চিকিৎসায় নিজের গাড়ি বিক্রি করছেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার
মো: স্বাধীন খন্দকার, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
যারাফের মায়ের চিকিৎসা সহায়তার জন্য নিজের ব্যক্তিগত গাড়ি বিক্রির ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার। বিষয়টি তিনি নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন।
আম্মার লিখেছেন, “গাড়িটা প্রায় দুই-তিন মাস ধরে গ্যারেজে পড়ে আছে। আমার প্রয়োজন হলেও মেইনটেইন করার সময় পাই না। আম্মু কিনে দিয়েছিলেন যাতায়াতের সুবিধার্থে। কিন্তু আজ Zarafa Alam এর আম্মুর চিকিৎসার জন্য বিক্রি করে দিতে চাই। জারাফারা তিন বোন, সর্বস্ব দিয়ে চেষ্টা করছে। গতকাল রাতেই তারা ১.৫ লাখ টাকা জোগাড় করতে পেরেছিল, কিন্তু আজ তাদের বাবা মারা গেছেন।”
তিনি আরও উল্লেখ করেন, জারাফার পরিবারের এখনো ১৫ থেকে ২০ লক্ষ টাকার মতো প্রয়োজন রয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইসহ সবাইকে অনুরোধ জানিয়েছেন যেন তাঁরা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে সহায়তার হাত বাড়ান।
আম্মার বলেন, “গাড়ির মডেল TVS Apache RTR 160 (২০২৭ সাল পর্যন্ত কাগজ করা আছে)। দাম বলার মতো অবস্থায় নেই—যে পরিমাণ অর্থ দিবেন, সেটাই আমি জারাফাদের হাতে তুলে দেব। আমার সামর্থ্য এটুকুই।”
তিনি জারাফার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল ফাইন্যান্স নম্বরগুলো পোস্টে যুক্ত করে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।
এই মানবিক উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন ছাত্রছাত্রীরা রাকসু জিএস আম্মারের এই পদক্ষেপকে ‘সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত’ হিসেবে অভিহিত করেছেন।









