যত দিন চাকরির ব্যবস্থা না হবে তত দিন বেকার ভাতা চালু রাখবে বিএনপি
মানিকগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর বলেছেন, “দেশ ও মানুষের কল্যাণে ধানের শীষে ভোট দিতে হবে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়িত হলে দেশের সব সমস্যার সমাধান হবে। সবার জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে। শিক্ষিত বেকারদের জন্য চাকরির ব্যবস্থা করা হবে। যত দিন চাকরির ব্যবস্থা না হবে তত দিন বেকার ভাতা চালু থাকবে।”
বুধবার (২২ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের নতুন বাজার এলাকায় বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণার লিফলেট বিতরণ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “বিএনপি জনগণের দল। এ দলের লক্ষ্য ক্ষমতায় যাওয়া নয়, বরং জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া। বর্তমান সরকারের দমন-পীড়ন, দুর্নীতি ও লুটপাটে মানুষ অতিষ্ঠ। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে জনগণকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে।”
পথসভায় বিএনপির স্থানীয় নেতা-কর্মী ছাড়াও শতাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে “জনগণের সরকার” গঠনের আহ্বান জানান।
এ সময় দৌলতপুর উপজেলা বিএনপির নেতারা বলেন, এই কর্মসূচির মাধ্যমে তৃণমূলে বিএনপির আন্দোলন আরও বেগবান হবে।
সভা শেষে এস এ জিন্নাহ কবীর স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন।









