মির্জা ফখরুলের গণসমাবেশে যোগ দিচ্ছেন না জেলা বিএনপি নেতারা
নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত গণসমাবেশে যোগ দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে দলের শীর্ষ এই নেতার কর্মসূচিতে উপস্থিত থাকলেও সমাবেশে যোগ দিচ্ছেন না জেলা বিএনপির নেতৃত্ব।
শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সদস্য সচিব রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তাদের অভিযোগ, জেলা বিএনপি ও স্থানীয় নেতৃত্বকে কোনো ধরনের আনুষ্ঠানিক আমন্ত্রণ বা সমন্বয়ের দায়িত্ব না দিয়েই মহাসচিবের কর্মসূচি আয়োজন করা হয়েছে।
গোলাম জাকারিয়া বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক। দলের মহাসচিব আসছেন, অথচ জেলা বিএনপিকে না জানিয়ে সমাবেশ আয়োজন করা হয়েছে। জেলা বিএনপির নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়েছেন—এই গণসমাবেশে আমরা যোগ দেব না। এই ঘটনার তীব্র নিন্দা জানাই।”
তিনি আরও অভিযোগ করেন, পদ্মা নদীর পানির দাবি নিয়ে জনগণকে “ব্ল্যাকমেইল” করছেন তিনজন মনোনীত সংসদ প্রার্থী। এ বিষয়ে শিগগিরই সংবাদ সম্মেলনে জেলা কমিটি নিজেদের অবস্থান পরিষ্কার করবে।
পদ্মায় ন্যায্য পানি–দাবির আন্দোলন
বাংলাদেশ-ভারতের অভিন্ন নদী পদ্মায় ন্যায্য হিস্যার দাবিতে গত ২ নভেম্বর শহীদ সাটু হলে মতবিনিময় সভার মাধ্যমে কর্মসূচি শুরু করে স্থানীয় বিএনপি। এরপর প্রতিটি উপজেলায় সমাবেশ হয়েছে। এসবের ধারাবাহিকতায় শনিবার নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসমাবেশের আয়োজন করা হয়েছে।
এ আয়োজনে সমন্বয়কের দায়িত্বে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ। তাকে সহযোগিতা করছেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ অধ্যাপক শাহজাহান মিঞা এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ–সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ মো. আমিনুল ইসলাম।
তবে এ বিষয়ে জানতে হারুনুর রশীদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
মিথ্যা প্রচারের অভিযোগ
গণসমাবেশের সমন্বয় কাজে থাকা অধ্যাপক শাহজাহান মিঞা বলেন, “যে তথ্য ছড়ানো হচ্ছে—এগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীরাই আজকের সমাবেশে উপস্থিত হবেন।”
মনোনয়ন নিয়ে ক্ষোভ: জেলা বিএনপির ভাঙন
২০১৮ সালের নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদে যাওয়া এবং পরবর্তীতে তৃণমূলের সঙ্গে সম্পর্কহীন থাকার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ আমিনুল ইসলামের পুনরায় মনোনয়ন দেওয়ায় ক্ষোভ বিরাজ করছে জেলা বিএনপিতে।
শুক্রবার (১৪ নভেম্বর) তার মনোনয়ন বাতিলের দাবিতে জেলা বিএনপির নেতাকর্মীরা মশাল মিছিলও করেন।
নেতাকর্মীরা অভিযোগ করেন—
“২০১৮ সালের রাতের ভোটকে বৈধতা দিয়ে সংসদে গিয়েছিলেন আমিনুল ইসলাম।”
“চার বছর এমপি থাকাকালে তৃণমূলের নেতাকর্মীদের পাশে ছিলেন না।”
“হামলা-মামলার শিকার নেতাকর্মীদের কোনো সহযোগিতা করেননি।”
তারা জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে তারা অবিলম্বে তার মনোনয়ন বাতিলের দাবি জানাচ্ছেন। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।
উল্লেখ্য, আমিনুল ইসলাম বিএনপির শিল্প–বাণিজ্য বিষয়ক সহ–সম্পাদক এবং ২০১৮ সালের নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে বিজয়ী হয়েছিলেন।









