মিরপুরে রাসায়নিক গুদামের আগুনে বিষাক্ত গ্যাসে শ্বাসকষ্ট, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দীর্ঘ লড়াই

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ০৬:০৬ পিএম
মিরপুরে রাসায়নিক গুদামের আগুনে বিষাক্ত গ্যাসে শ্বাসকষ্ট, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দীর্ঘ লড়াই

স্টাফ রিপোর্টার:

রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকায় একটি রাসায়নিক গুদামে লাগা আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস জানিয়েছে, গুদামটিতে থাকা বিভিন্ন রাসায়নিক পদার্থ থেকে বিষাক্ত গ্যাস তৈরি হয়ে বাতাসে মিশছে, যা মানুষের শ্বাস-প্রশ্বাসের জন্য মারাত্মক ক্ষতিকর।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে ঘটনাস্থলে সংবাদ ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, গুদামটিতে প্রচুর পরিমাণে মাল্টিপারপাস কেমিক্যাল থাকায় আগুন নেভাতে সময় লাগছে।

তিনি বলেন, “এখান থেকে এক ধরনের গ্যাস বের হচ্ছে যা শ্বাস-প্রশ্বাসের জন্য ক্ষতিকর। সবাইকে সতর্ক করছি, দূরত্ব বজায় রাখুন। এখানে যেহেতু কেমিক্যাল আছে, তাই নিয়ন্ত্রণে সময় লাগবে। কেমিক্যালের বিষয়টি ডিফিকাল্ট, সঠিকভাবে সংরক্ষণ না থাকলে বিস্ফোরণ বা বিক্রিয়ার ঝুঁকি থাকে।”

ফায়ার সার্ভিস কর্মকর্তা আরও বলেন, সকালে গুদামের মূল গেট খোলার পর ভেতরে প্রবল ধোঁয়া দেখা গেছে।

তিনি বলেন, “সাদা ধোঁয়ার কারণে ভেতরে প্রবেশ করা এখনো নিরাপদ নয়। অপারেশন কাজ চলমান আছে, তবে শেষ করতে অনেক সময় লাগবে।”

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, গার্মেন্টস ভবনের আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে, তবে পাশের রাসায়নিক গুদামটির আগুন এখনো জ্বলছে। সেখানে থাকা বিভিন্ন প্রকার রাসায়নিকের কারণে বিষাক্ত ক্লোরিন গ্যাস তৈরি হয়েছে, যা আশপাশের বাসিন্দাদের মধ্যে শ্বাসকষ্ট ও জ্বালাপোড়ার সমস্যা সৃষ্টি করছে।

এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন নেভানোর কাজেও জটিলতা তৈরি হয়েছে। ফায়ার সার্ভিস স্থানীয়দের মাইকিং করে এলাকা থেকে নিরাপদ দূরত্বে থাকার আহ্বান জানিয়েছে।

কাজী নজমুজ্জামান বলেন, “আমাদের অগ্নিনির্বাপণ কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে কেমিক্যাল অপসারণ এবং সম্পূর্ণভাবে নির্বাপণ করতে দীর্ঘ সময় লাগবে। ঠিক কতটা সময় লাগবে, তা এখনই বলা যাচ্ছে না।”

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরের পর থেকেই এলাকাজুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়েছে। বাতাসে গ্যাসের তীব্র গন্ধে অনেকেই চোখ ও গলার জ্বালাপোড়ায় ভুগছেন। ঘটনাস্থলে এখনো ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।