মিনি স্টেডিয়াম নির্মাণে গড়িমসি চলবে না, কালাইয়ে চার দফা দাবিতে ছাত্রদের স্মারকলিপি
সউদ আব্দুল্লাহ, কালাই(জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলায় বহু আগেই অধিগ্রহণকৃত সরকারি জমিতে মিনি স্টেডিয়াম নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হলেও আজ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। অব্যাহত এই বিলম্ব এবং জমির অননুমোদিত ব্যবহারের প্রতিবাদ জানিয়ে অবশেষে মাঠে নেমেছে জেলা নাগরিক ছাত্র ঐক্য। মঙ্গলবার দুপুরে সংগঠনটির একদল প্রতিনিধিদল জেলা প্রশাসক ও যুগ্মসচিব আফরোজা আক্তার চৌধুরীর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
ছাত্র নেতারা জানান, দীর্ঘদিন ধরে প্রকল্পটির কাজ শুরু না হওয়ায় স্থানীয় ক্রীড়াবিদ,শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। তারা অভিযোগ করেন, সরকারি এই জমিতে কৃষিকাজসহ নানা অননুমোদিত কার্যক্রম চলমান,যা প্রকল্পের মূল উদ্দেশ্যকে ব্যাহত করছে। মিনি স্টেডিয়ামের মতো একটি অবকাঠামো শুধুমাত্র খেলাধুলার প্রসারে নয়, সামাজিক সচেতনতা ও যুব উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কেবল কাজ শুরু করলেই হবে না,প্রকল্পের প্রতিটি ধাপ যেন একটি নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন হয়, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। একই সঙ্গে বিলম্বের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে যথাযথ জবাবদিহির ব্যবস্থা গ্রহণের দাবিও জানান ছাত্র নেতারা।
স্মারকলিপি গ্রহণ করে জয়পুরহাট জেলা প্রশাসক ও যুগ্মসচিব আফরোজা আক্তার চৌধুরী বলেন, আপনাদের দাবি সময়োপযোগী ও যৌক্তিক। মিনি স্টেডিয়াম নির্মাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সরকারি জমির সুরক্ষায় প্রশাসন সতর্ক রয়েছে। অননুমোদিত ব্যবহার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হলে দায়ীদের জবাবদিহির আওতায় আনা হবে।আশা করছি, সকলের সহযোগিতায় অচিরেই কালাইয়ে একটি সুন্দর স্টেডিয়াম গড়ে তোলা সম্ভব হবে।
স্মারকলিপি প্রদানের সময় জেলা নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক ছাব্বির হাসান, যুগ্ম আহ্বায়ক সুজন রহমান ও ফিরোজ, এবং সদস্য সচিব বায়েজিদ বোস্তামী উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে ছিলেন আরও অনেক ছাত্রনেতা ও সচেতন নাগরিক।









