মসজিদে আজান হবে মন্দিরে পূজা এটা আমাদের সম্প্রীতি: শিশির মনির
ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শিশির মনির বলেছেন, দিরাই-শাল্লা শত বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বহন করে আসছে। হিন্দু-মুসলমানের মিলবন্ধন এখানে চিরন্তন, আর এই ঐতিহ্য অক্ষুণ্ণ রাখা আমাদের সবার দায়িত্ব।
তিনি বলেন, “আপনারাও স্বাধীন, আমরাও স্বাধীন। এ দেশে মুসলমানদের যেমন অধিকার, হিন্দুদেরও তেমন অধিকার। মসজিদে আজান হবে, মন্দিরে পূজা হবে—এই বাংলাদেশই আমাদের সম্প্রীতির বাংলাদেশ। সংখ্যালঘু শব্দটাই এখানে থাকার কথা নয়।”
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শাল্লার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
শিশির মনির এ সময় শাল্লার প্রায় ১০টি পূজামণ্ডপে গিয়ে পূজার প্রস্তুতি ও আয়োজন ঘুরে দেখেন। পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি স্থানীয় গরিব ও বিধবা নারীদের মধ্যে প্রায় ৩০০টি শাড়ি বিতরণ করেন।
তিনি আরও বলেন, “আমরা একে অন্যের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলব। পূজা হোক বা ঈদ—সবাই মিলে উৎসব উদযাপন করাই আমাদের শক্তি। এই মিলনই বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবে।”
স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতারা শিশির মনিরের এ উদ্যোগকে স্বাগত জানান এবং পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাদেরও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।









