মর্গে মৃত তরুণীকে ধর্ষণ: হালুয়াঘাটের ডোম আবু সাইদ গ্রেপ্তার

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ০৮:১৭ পিএম
মর্গে মৃত তরুণীকে ধর্ষণ: হালুয়াঘাটের ডোম আবু সাইদ গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ২০ বছর বয়সী এক মৃত তরুণীকে ধর্ষণের ঘটনায় আবু সাইদ (১৯) নামে এক ডোমের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত আবু সাইদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

অভিযুক্ত আবু সাইদ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি হালুয়াঘাট থানার মরদেহ আনা-নেওয়ার কাজ করতেন।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে হালুয়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এর আগে একইদিন বেলা ১২টার দিকে হাসপাতালের মর্গে ওই নৃশংস ঘটনা ঘটে।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ জসিম উদ্দিন জানান, গত রবিবার রাতে হালুয়াঘাটে ২০ বছর বয়সী এক তরুণী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে হেফাজতে রাখে। পরদিন সকালে ডোম আবু সাইদ ও তার এক সহযোগী মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসে। মরদেহ রেখে চাবি ফেরত দেওয়ার পর কিছুক্ষণ পরই তারা আবার মর্গে ফিরে গিয়ে ভেতরে প্রবেশ করে।

জসিম উদ্দিন বলেন,

> “পরে কর্তব্যরত ডোম মর্গে অন্ধকার দেখে লাইট জ্বালান। তখন দেখা যায় আবু সাইদ ও তার সহযোগী মর্গে ঘুমাচ্ছে। সন্দেহ হলে ডাক্তারকে খবর দেওয়া হয়। ডাক্তার এসে ময়নাতদন্ত করে মৃত তরুণীর দেহে ধর্ষণের আলামত পান।”

এ ঘটনার পর হালুয়াঘাট থানা পুলিশ আবু সাইদ ও তার সহযোগীকে আটক করে। জিজ্ঞাসাবাদে আবু সাইদ মর্গে মৃত তরুণীকে ধর্ষণের কথা স্বীকার করেন বলে জানিয়েছেন মামলার বাদী এসআই জামাল। পরে তাকে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।


ওসি মো. শিবিরুল ইসলাম বলেন,


> “অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি অত্যন্ত জঘন্য ও মানবতাবিরোধী। মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”