মনোনয়ন ইস্যুতে এবার ধানক্ষেতে নবদম্পতি

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ০১:৪৯ পিএম
মনোনয়ন ইস্যুতে এবার ধানক্ষেতে নবদম্পতি

ডেস্ক রিপোর্ট:

»ফেনী-২ সদর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন নিয়ে বিতর্কের মধ্যে এবার এক নবদম্পতি ধানক্ষেতে রিভিউ ভঙ্গিতে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে আলোচনায় এসেছেন। নববিবাহিত এই দম্পতির ব্যতিক্রমী ছবি মুহূর্তেই ফেসবুকে ভাইরাল হয়ে যায়। 

শুক্রবার(১৪ নভেম্বর) বিকেলে ফেনী পৌর এলাকার বিরিঞ্চির আলম গাজী রোডের বাসিন্দা আদনান সোহাগ দাগনভূঞা পৌর এলাকার মজুমদার বাড়ির ইয়াসমিন আক্তার-এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের আনুষ্ঠানিকতা শেষে কনের নিজ বাড়ির পাশে একটি ধানক্ষেতে বর-কনেকে বিএনপির মনোনয়ন-সংক্রান্ত আলোচিত রিভিউ ভঙ্গিতে ছবিটি তুলতে দেখা যায়।

স্থানীয়রা জানান, বিয়ের অনুষ্ঠান শেষে কনের বাড়ির পাশের ধানক্ষেতে দাঁড়িয়ে বর-কনে ‘রিভিউ’ ভঙ্গিতে ছবি তোলেন। তাদের এমন ছবি প্রকাশের পর আবারও আলোচনায় আসে ফেনী–২ আসনে বিএনপির মনোনয়ন রিভিউ দাবি। ·—এর আগে জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলালের ধানক্ষেতে দাঁড়িয়ে তোলা রিভিউ ভঙ্গির ছবি দেশজুড়ে আলোচিত হয়েছিল।

এ বিষয়ে জানতে চাইলে বর আদনান সোহাগ বলেন, ‘আমি একজন সচেতন নাগরিক। প্রত্যেকেরই নিজস্ব পছন্দের প্রার্থী থাকে। আমার পছন্দের মানুষটি ফেনী সদর আসনে মনোনয়ন না পাওয়ায় কষ্ট পেয়েছি। তাই শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করতেই বিয়ের ফাঁকে এই ছবি তুলেছি। আমিও ফেনী–২ আসনে রিভিউ চাই।’«