ভোটের জন্য আল্লাহকে নারাজ করো না: ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৫, ১০:১৮ পিএম
ভোটের জন্য আল্লাহকে নারাজ করো না: ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

মোঃ জাহেরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, “ভোটের জন্য আল্লাহকে নারাজ করো না, পরে আল্লাহকেও পাবা না আর ভোটও কাজে আসবে না।”

শুক্রবার (৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার পার্থ বলেন,

“প্রত্যেকেই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে—এটা সুনিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। কেউ যেন ভোট বা ক্ষমতার লোভে আল্লাহর আদেশ অমান্য না করে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।”

রাজনৈতিক প্রেক্ষাপট:

আন্দালিব রহমান পার্থ বাংলাদেশের তরুণ রাজনীতিবিদদের মধ্যে অন্যতম। তিনি ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে বিজয়ী হয়েছিলেন। পরে ২০১৮ সালের নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

দীর্ঘদিন বিএনপির জোটসঙ্গী হিসেবে সক্রিয় থাকার পর একপর্যায়ে তিনি আনুষ্ঠানিকভাবে জোট থেকে সরে দাঁড়ান। তবে সাম্প্রতিক সময়ে বিএনপির সঙ্গে তার ঘনিষ্ঠতা আবারো বাড়ছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, আসন্ন নির্বাচনে বিএনপি ঢাকা-১৭ আসনটি আবারও পার্থের জন্য ছেড়ে দিতে পারে।

আন্দালিব রহমান পার্থর সাম্প্রতিক এই বক্তব্য ভোট রাজনীতিতে ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার ইঙ্গিত বহন করছে। একই সঙ্গে তার পুনরায় বিএনপির সঙ্গে ঘনিষ্ঠতা আসন্ন নির্বাচনে নতুন সমীকরণ তৈরি করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।