ভারতে শেখ হাসিনার ‘জামাই আদর’ বন্ধ হচ্ছে: সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৫, ১১:২৯ পিএম
ভারতে শেখ হাসিনার ‘জামাই আদর’ বন্ধ হচ্ছে: সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ



স্টাফ রিপোর্টার:

ভারতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ‘জামাই আদর’ বন্ধ হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ। তিনি দাবি করেছেন, শেখ হাসিনাকে জানিয়ে দেওয়া হয়েছে যে এখন থেকে ভারতের মাটি থেকে বাংলাদেশ বা বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো মন্তব্য করা যাবে না। তিনি যদি এ ধরনের মন্তব্য চালিয়ে যান, তবে দুই দেশের সম্পর্ক আর কখনোই ভালো থাকবে না।


বুধবার (৮ অক্টোবর) নিজের ইউটিউব চ্যানেল ‘ভয়েস বাংলা’–তে প্রকাশিত এক ভিডিওতে এ মন্তব্য করেন মোস্তফা ফিরোজ।


তিনি বলেন, “ভারত সরকার এখন বাংলাদেশ নিয়ে নতুনভাবে ভাবছে। তারা সিদ্ধান্ত নিয়েছে, আগামী নির্বাচনে যারা সরকারে আসবে—বিএনপি বা জামায়াত—তাদের সঙ্গেই সুসম্পর্ক গড়ে তুলবে। শেখ হাসিনার সরকার এখন ভারতের প্রধান কৌশলগত অংশীদার নয়। ভারত এখন পরবর্তী সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের দিকেই নজর দিচ্ছে।”


মোস্তফা ফিরোজ দাবি করেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও এখন থেকে বাংলাদেশের বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে পারবেন না। তবে তার দলের (আওয়ামী লীগ) নেতাকর্মীদের সঙ্গে ব্যক্তিগত বা সাংগঠনিক যোগাযোগ রাখায় কোনো বাধা থাকবে না।


দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ শ্রী রাধা দত্তের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “ভারত এখন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে আগের অবস্থান থেকে সরে এসেছে। তারা চায় সম্পর্কটা ভারসাম্যপূর্ণ হোক, যাতে ভবিষ্যতে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, ভারতের স্বার্থ অক্ষুণ্ণ থাকে।”


মোস্তফা ফিরোজ আরও বলেন, “বাংলাদেশ সম্পর্কে দিল্লিতে বসে কোনো মন্তব্য করলে তা ভারত–বাংলাদেশ সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে—এমন সতর্ক বার্তা শেখ হাসিনাকে পৌঁছে দেওয়া হয়েছে। ভারত এখন তার বক্তব্যের ওপর নজর রাখছে।”


তিনি মনে করেন, ভারতীয় নীতিনির্ধারকরা ইতিমধ্যে বুঝে গেছেন যে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা পরিবর্তনের পথে, এবং তারা সে অনুযায়ী নিজেদের কৌশল পুনর্গঠন করছে।