বুড়িগঙ্গায় জবি ১৫ শিক্ষার্থী নিয়ে নৌকাডুবি

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৫, ১১:২৩ পিএম
বুড়িগঙ্গায় জবি ১৫ শিক্ষার্থী নিয়ে নৌকাডুবি

নিজস্ব প্রতিবেদক:

পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে লালকুঠি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে সবাইকে উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে তারা নিরাপদে রয়েছেন।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, “নৌকায় প্রায় ১০-১৫ জন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। লালকুঠি এলাকায় একটি লঞ্চের ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে তারা নদীতে লাফ দেয়। পরে সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়।”

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বুড়িগঙ্গায় নৌকা নিয়ে ঘুরতে বের হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ১৮তম ব্যাচের প্রায় ১৫ জন শিক্ষার্থী। লালকুঠির ঘাটের কাছে একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় তাদের নৌকাটি ডুবে যায়।

শিক্ষার্থীদের উদ্ধারে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়, তবে তার আগেই সবাইকে উদ্ধার করা হয় বলে জানায় সদর দপ্তর।

জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য রিয়াসাল রাকিব বলেন, “শিক্ষার্থীরা সবাই বর্তমানে নিরাপদে আছেন। কেউ গুরুতর আহত হননি, তবে ঘটনাটি সবাইকে আতঙ্কিত করেছে।”

উল্লেখ্য, বুড়িগঙ্গা নদীতে নৌযান চলাচল সবসময়ই ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত। বিশেষ করে সন্ধ্যার পর ছোট নৌযানে ভ্রমণ বিপজ্জনক হতে পারে বলে নৌ বিশেষজ্ঞরা সতর্ক করে আসছেন।