বিয়ের পিঁড়িতে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, কনে ব্যারিস্টার নুসরাত খান
স্টাফ রিপোর্টার:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপি মনোনীত সাবেক মেয়র প্রার্থী এবং বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক পরামর্শ সহায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিয়ের পিঁড়িতে বসছেন। শনিবার (১১ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
জানা গেছে, শুক্রবার (১০ অক্টোবর) রাতে পারিবারিকভাবে তাদের আংটি পরানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। কনে হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিপরিষদের সদস্য ও টাঙ্গাইল-নাগরপুর আসনের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে ব্যারিস্টার নুসরাত খান।
আংটি পরানোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইশরাক হোসেনের মা ইসমত হোসেন, কনের বাবা নুর মোহাম্মদ খানসহ দুই পরিবারের ঘনিষ্ঠজনরা।
কনের বাবা নুর মোহাম্মদ খান বলেন, ‘হঠাৎ করেই পারিবারিকভাবে বিয়ের আংটি পরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আমার মেয়ের নতুন জীবনের জন্য সবার দোয়া কামনা করছি।’
বিএনপি সূত্রে জানা গেছে, ইশরাক হোসেনের বিয়ের আনুষ্ঠানিকতা খুব শিগগিরই সম্পন্ন হবে।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি প্রয়াত বিএনপি নেতা ও সাবেক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার একমাত্র ছেলে।
ইশরাক হোসেন ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এরপর থেকেই তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত আছেন।









