বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৫, ০১:০৬ পিএম
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। নির্বাচনী প্রচারণাতেও সরব ছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে এসে আর লড়াই চালিয়ে যেতে পারলেন না দেশের অন্যতম সেরা এই ওপেনার। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এসে আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তামিম।

আজ মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে বিসিবি ভবনে উপস্থিত হন তিনি। এদিনই ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। নিয়ম অনুযায়ী এই দিনে প্রার্থীরা বিসিবিতে এলে তাদের সরে দাঁড়ানোর আভাস মেলে। তাই তামিমের আগমনেই বোঝা যাচ্ছিল, তিনি প্রার্থীতা প্রত্যাহার করতে যাচ্ছেন। শেষ পর্যন্ত গণমাধ্যমের সামনে এসে তামিম নিজেই নিশ্চিত করলেন, বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না আর।

এর আগে থেকেই ক্রিকেট অঙ্গনে তামিমের সরে যাওয়ার গুঞ্জন ছড়িয়েছিল। নির্বাচনে ‘সরকারি হস্তক্ষেপের’ প্রতিবাদে একাধিক প্রার্থীর সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছিল। সোমবার রাতেই এই নিয়ে জরুরি বৈঠক হয়। এরপর মঙ্গলবার সকালে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর দৃশ্যপট পরিষ্কার হয়ে যায়।

এদিকে হাইকোর্টের এক আদেশেও নির্বাচন প্রক্রিয়া নতুন মোড় নেয়। বিতর্কিত ১৫টি তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট ক্লাবের প্রতিনিধিদের চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত করেছেন আদালত। সোমবার বিকেলে এ আদেশ জারি হওয়ার পর থেকেই নির্বাচনে অস্থিরতা সৃষ্টি হয় এবং বয়কটের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

আজকের দিনে শুধু তামিম ইকবাল নন, আরও কয়েকজন আলোচিত প্রার্থীও প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তাদের মধ্যে রয়েছেন—সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবু।

তামিম ইকবালের সরে দাঁড়ানোয় বিসিবি নির্বাচন ঘিরে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। ক্রিকেট সংশ্লিষ্টরা বলছেন, এ ঘটনায় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা ও স্বচ্ছতা নিয়ে নতুন বিতর্ক তৈরি হতে পারে।