বিসিবির সিদ্ধান্ত রংপুরের প্রতি অবিচার: সারজিস আলম
মোঃ জাহেরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে সাবেক জাতীয় দলের অধিনায়ক নঈমুর রহমান দুর্জয় বুলবুল দায়িত্ব নেওয়ার পর বিভাগীয় পর্যায়ে বিসিবির অফিস স্থাপনের উদ্যোগ গ্রহণ করায় অভিনন্দন জানিয়েছেন *জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)*র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তবে এই উদ্যোগে রংপুর বিভাগকে বাদ দেওয়া নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সারজিস আলম বলেন,
> “বিসিবি প্রেসিডেন্ট হিসেবে বুলবুল ভাই দায়িত্ব গ্রহণ করেছেন। আপনাকে অভিনন্দন। দায়িত্ব গ্রহণ করেই আপনি বিভাগীয় পর্যায়ে বিসিবির অফিস স্থাপনের উদ্যোগ নিয়েছেন, এজন্য ধন্যবাদ।”
তিনি বলেন,
> “রংপুর বিভাগ বাদ দিয়ে বাকি সাত বিভাগে অফিস স্থাপনের উদ্যোগ আমাদের মর্মাহত করেছে। রংপুর বিভাগে আটটি জেলা রয়েছে। একটি স্বয়ংসম্পূর্ণ বিভাগকে অন্য বিভাগের অধীনে করা এই অঞ্চলের ক্রিকেটার ও সংশ্লিষ্টদের জন্য অত্যন্ত দুঃখজনক।”
সারজিস আলম অভিযোগ করেন,
> “ক্রিকেটের সুযোগ-সুবিধার দিক থেকে সবচেয়ে পিছিয়ে থাকা বিভাগ হলো রংপুর। এখানে ভালো মানের একটি মাঠও নেই, আন্তর্জাতিক মানের মাঠ তো দূরের কথা।”
তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ, বিসিবি প্রেসিডেন্ট বুলবুলসহ সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানান,
> “অন্য সাতটি বিভাগের মতো রংপুর বিভাগেও অবশ্যই বিসিবির বিভাগীয় অফিস থাকতে হবে। পাশাপাশি দ্রুত রংপুরে একাধিক ভালো মানের মাঠ এবং অন্তত একটি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উপযোগী স্টেডিয়াম নির্মাণ করতে হবে।”
এনসিপি নেতা আরও বলেন,
> “আমরা আপনাদের প্রতিটি পদক্ষেপ অনুসরণ করব। অতিরিক্ত কিছু চাই না, তবে রংপুরের প্রাপ্য থেকে রংপুরবাসীকে বঞ্চিত করা হলে তারা তা মেনে নেবে না।”









