বিশ্ব ডায়াবেটিস দিবসে চবি ক্যাম্পাসে সাইকেল র্যালি
আহমেদ মুনহা, চবি প্রতিনিধি :
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে চিটাগাং ইউনিভার্সিটি সাইক্লিস্টস (CUC) এবং CU Blood Aiders-এর যৌথ উদ্যোগে “Beat Diabetes With Every Pedal Stroke” প্রতিপাদ্যে আজ শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সচেতনতামূলক বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। ডায়াবেটিস প্রতিরোধে স্বাস্থ্যকর জীবনধারা, নিয়মিত ব্যায়াম ও পরিবেশবান্ধব যাতায়াতের প্রচারই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালির উদ্বোধন করেন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। বক্তব্যে তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাদকসহ নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুস্থ শরীরই শিক্ষার প্রধান পূর্বশর্ত; নিয়মিত ব্যায়াম, হাঁটা কিংবা সাইকেল চালানো ছাড়া সুস্থ থাকা সম্ভব নয়।”
তিনি আরও জানান, অতি শীঘ্রই চবি ক্যাম্পাসে ‘জোবাইক’ চালু হতে যাচ্ছে, যা শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থাকে আরও সহজ করবে। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের রিক্সা বা ই-কার নির্ভরতা কমিয়ে হাঁটা ও সাইকেল চালানোর অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. কে. এম. আতাউল গণি (পারভেজ)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলা বিভাগের প্রফেসর ড. মাখন চন্দ্র রায়। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাইক্লিস্টস-এর সভাপতি মো. মশিউর রহমান এবং সাধারণ সম্পাদক সালেহ যায়েদ বক্তব্য দেন।
র্যালিতে আরও উপস্থিত ছিলেন চাকসুর ক্রীড়া সম্পাদক মো. শাওন, স্বাস্থ্য সম্পাদক আফনান হাসান ইমরান, সোহরাওয়ার্দী হলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাজেদুর রহমান মারুফ, শাহজালাল হলের স্বাস্থ্য সম্পাদক মো. রিয়াদ, প্রীতিলতা হলের ভিপি নুসরাত জাহান, Blood Aiders–CU সভাপতি আয়াজ করিমসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং কার্যনির্বাহী পর্ষদের প্রতিনিধিরা।
সচেতনতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত জীবনধারায় উৎসাহিত করে র্যালিটি সফলভাবে সমাপ্ত হয়।









