বিদেশি শক্তির হাত ধরে ক্ষমতায় আসতে চায় না জামায়াত: গোলাম পরওয়ার

প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৫, ০২:১৭ পিএম
বিদেশি শক্তির হাত ধরে ক্ষমতায় আসতে চায় না জামায়াত: গোলাম পরওয়ার

ডেস্ক রিপোর্ট:

বিদেশি কোনো শক্তির সহায়তায় নয়, বরং জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় আসতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী—এমন মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস আকিঞ্জির সাম্প্রতিক বৈঠক সম্পর্কেও বিস্তারিত জানান।

অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, “জামায়াতের বিষয়ে বিদেশি কূটনৈতিকদের আগ্রহ বেড়েছে ঠিকই, তবে আমরা কোনো বিদেশি শক্তির হাত ধরে ক্ষমতায় যেতে চাই না। জনগণের অংশগ্রহণেই আমরা একটি ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গড়তে চাই।”

তিনি জানান, বৈঠকে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের বিষয়টি আলোচনায় উঠে আসে। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন—সব রাজনৈতিক দল যদি সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছায়, তাহলে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “জামায়াত মনে করে, সংস্কার ও রাজনৈতিক ঐকমত্য ছাড়া দেশের স্থিতিশীলতা ও উন্নয়ন সম্ভব নয়। এই বিষয়ে তুরস্কের প্রতিনিধি দলের সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে।”

বৈঠকে ফিলিস্তিন ইস্যুতেও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ভূমিকার প্রশংসা করেন জামায়াতের আমির। পাশাপাশি, রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের সক্রিয় অবস্থানকেও স্বাগত জানান তিনি...

জানা গেছে, বৈঠকে দুই দেশের জনগণের পারস্পরিক বন্ধুত্ব, মানবিক সহায়তা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়।