বিজেএস পরীক্ষার্থীদের জন্য ইবি ছাত্রশিবিরের বাস সার্ভিস দাবি

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ১১:১৫ পিএম
বিজেএস পরীক্ষার্থীদের জন্য ইবি ছাত্রশিবিরের বাস সার্ভিস দাবি

ইবি প্রতিনিধি:

৪৯ তম বিসিএসের (বিশেষ) পর এবার বিজেএস পরীক্ষার্থীদের জন্যও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট বাস সার্ভিস প্রদানের দাবি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।

রবিবার (১২ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে বিসিএস পরীক্ষার্থীদের বাস সরবরাহের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে ইবি ছাত্রশিবির সভাপতি মু. মাহমুদুল হাসান ও সেক্রেটারি ইউসুফ আলী বলেন, আমরা আশা করি, শিক্ষার্থীদের সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী ১লা নভেম্বর অনুষ্ঠিতব্য বিজেএস পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরিবহন সহযোগিতা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের কল্যাণার্থে আরো চমৎকার পদক্ষেপ গ্রহণ করবে।

নেতৃবৃন্দ আরও বলেন, আমরা কামনা করি, ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইবিয়ান শিক্ষার্থীরা সাফল্যের স্বর্ণালী স্বাক্ষর রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নামকে সমুন্নত করতে অগ্রণী ভূমিকা পালন করবেন, ইনশাআল্লাহ।

উল্লেখ্য, গত শুক্রবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত বিসিএস (বিশেষ) পরীক্ষায় ইবি থেকে যেসকল পরীক্ষার্থী পরীক্ষা দেন তাদের জন্য প্রশাসনের কাছে বাস সরবরাহের দাবি করে ইবি ছাত্রশিবির। ফলস্বরূপ ইবি প্রশাসন ৬ টি বাস সরবরাহের ব্যাবস্থা করে। কিন্তু এতে জায়গা সংকুলান না হওয়ায় ইবি ছাত্রদলের দাবির প্রেক্ষিতে আরও ৭ টি বাস সরবরাহ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে ছাত্রশিবির ও ছাত্রদলরর যৌথ দাবির প্রেক্ষিতে ৪৯ তম বিসিএস (বিশেষ) পরীক্ষার্থীদের জন্য সর্বমোট ১৩ টি বাস সরবরাহ করে ইবি প্রশাসন।