বিএসটিআইয়ের অভিযানে জব্দ নিষিদ্ধ ক্রিম, লিপস্টিক ও হেয়ার অয়েল; নিয়মিত অভিযান অব্যাহত থাকবে

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫, ০৯:৫৮ পিএম
বিএসটিআইয়ের অভিযানে জব্দ নিষিদ্ধ ক্রিম, লিপস্টিক ও হেয়ার অয়েল; নিয়মিত অভিযান অব্যাহত থাকবে

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর চারঘাটে নকল ও ক্যান্সার সৃষ্টিকারী নিষিদ্ধ স্কিন ক্রিম বিক্রির দায়ে দুইটি প্রসাধনী দোকানকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), রাজশাহী সার্কেলের উদ্যোগে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেওয়া হয়।

আদালত পরিচালনা করেন চারঘাট উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাতুল করিম মিজান।

এ অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী কার্যালয়ের প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

অভিযানে বিএসটিআই অনুমোদনবিহীন, নকল ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ ক্রিম — যেমন ‘গৌরী’, ‘চাঁদনী’, ‘ডিউ’, ‘নূর’ প্রভৃতি — এবং গুণগত মান সনদবিহীন হেয়ার অয়েল, লিপস্টিক ও নেইল পলিশ বিক্রির অভিযোগে চারঘাট বাজারের মেসার্স শিমুল প্রসাধনীকে ৬ হাজার টাকা এবং মেসার্স জুয়েল কসমেটিকস অ্যান্ড হাসিনা স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় প্রায় ১০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ ও ক্ষতিকর কসমেটিকস পণ্য জব্দ করা হয়।

বিএসটিআই কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ জানান, “এইসব প্রসাধনীতে পারদ ও হাইড্রোকুইনোনের মতো কেমিক্যাল থাকে, যা ত্বকের মারাত্মক ক্ষতি করে এবং দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।”

চারঘাট থানার পুলিশ সদস্যরা অভিযানে সহায়তা করেন।

বিএসটিআই রাজশাহী সার্কেল কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এমন অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।