বিএনপি নেতা রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করা সার্জেন্ট ক্লোজড

প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৫, ১১:০৬ এএম
বিএনপি নেতা রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করা সার্জেন্ট ক্লোজড

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করা পুলিশ সার্জেন্ট আরিফুল ইসলামকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-মিরপুর) গৌতম কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, “ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকার ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর ট্রাফিক জোনে কর্মরত সার্জেন্ট মো. আরিফুল ইসলামকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে প্রশাসনিক কারণে অত্র বিভাগ হতে ডিএমপি সদর দপ্তরের (সদরদপ্তর ও প্রশাসন) বিভাগে সংযুক্ত (ক্লোজড) করা হলো।” আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাস গণমাধ্যমকে বলেন, “সার্জেন্ট আরিফুল ইসলামকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরের ডিসি (অ্যাডমিন) কার্যালয়ে পাঠানো হয়েছে।”

এর আগে শুক্রবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বের হওয়ার সময় গাড়িতে উঠতে গেলে সার্জেন্ট আরিফুল ইসলাম তার পা ছুঁয়ে সালাম করেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে আসে এবং পরবর্তীতে সার্জেন্ট আরিফুল ইসলামকে ক্লোজড করার নির্দেশ দেওয়া হয়।