বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘আমার দেশ’ পত্রিকার সাংবাদিককে মারধর

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ১১:২২ এএম
বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘আমার দেশ’ পত্রিকার সাংবাদিককে মারধর


নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দৈনিক আমার দেশ পত্রিকার এক প্রতিবেদককে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় তার মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলার ঘটনাও ঘটে।

পরে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


রবিবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বিএনপির সিলেট বিভাগের সংসদ সদস্যপদে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার চলাকালে এ ঘটনা ঘটে। মারধরের শিকার হয়েছেন আমার দেশ পত্রিকার নিজস্ব প্রতিবেদক জাহিদুল ইসলাম।


ঘটনার বিবরণ


প্রতিবেদক জাহিদুল ইসলাম জানান, তিনি সকালে বিএনপির কর্মসূচি কভার করতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে যান। বিকেলে মনোনয়ন সাক্ষাৎকারের সময় কার্যালয়ে হঠাৎ হইচই শুরু হলে তিনি মোবাইলে ভিডিও ধারণ করতে গেলে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালায়।

তিনি অভিযোগ করেন, হামলাকারীরা তার ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলে। পরে উপস্থিত অন্যান্য সাংবাদিকরা তাকে উদ্ধার করেন।


আমার দেশ অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, হামলার সময় হামলাকারীরা বলতে থাকে— “আমার দেশ বিএনপির বিরুদ্ধে রিপোর্ট করছে, এখানে বিএনপির দোষ খুঁজতে রিপোর্টার পাঠিয়েছে।”


এ ঘটনায় উপস্থিত আরও কয়েকজন সাংবাদিকও হেনস্তার শিকার হন বলে জানা গেছে।


বিএনপি মহাসচিবের প্রতিক্রিয়া


ঘটনার পর এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,


> “গুলশান কার্যালয়ে হামলা ও সংঘর্ষের ঘটনায় আমার দেশ পত্রিকার রিপোর্টার জাহিদ হাসান আঘাতপ্রাপ্ত এবং উপস্থিত কিছু সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন। গণমাধ্যম রাজনৈতিক দল ও জনগণের মধ্যে সেতুবন্ধনের ভূমিকা রাখে। আজকের ঘটনাটি আকস্মিক এবং সম্পূর্ণ ভুল বুঝাবুঝির ফল।”




তিনি আরও বলেন,


> “আমি আমার দেশ পত্রিকার রিপোর্টার জাহিদ হাসানসহ উপস্থিত সাংবাদিকদের প্রতি এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি।”