বিএনপি অংশ নেবে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে
স্টাফ রিপোর্টার:
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর ও বাস্তবায়ন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের আহ্বানে ডাকা জরুরি বৈঠকে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন ঐকমত্য কমিশনের সভাপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বিএনপির পক্ষ থেকে বৈঠকে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে যোগ দেবেন।
এর আগে, ঐকমত্য গঠনের লক্ষ্যে অনুষ্ঠিতব্য এই জরুরি বৈঠকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে কমিশন থেকে ৩৩টি রাজনৈতিক দলকে চিঠি পাঠানো হয়।
জুলাই জাতীয় সনদকে কেন্দ্র করে সম্প্রতি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সনদ বাস্তবায়নের বিষয়ে জাতীয় ঐকমত্য গড়ে তুলতেই আজকের এই বৈঠক ডেকেছে কমিশন।









