বিএনপির তরুণ প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ: ‘তরুণদের কর্মসংস্থানে কাজ করতে চাই’

প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৫, ১০:৩৮ এএম
বিএনপির তরুণ প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ: ‘তরুণদের কর্মসংস্থানে কাজ করতে চাই’

স্টাফ রিপোর্টার:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ২৩৭ আসনের প্রার্থী তালিকায় সবচেয়ে কম বয়সী প্রার্থী হিসেবে জায়গা পেয়েছেন দলের তরুণ নেতা কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। একসময় জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ছিলেন এই তরুণ রাজনীতিক। এবার তিনি যশোর-৬ (কেশবপুর) আসনে ‘ধানের শীষ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার (৩ নভেম্বর) বিকেলে ২৩৭ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন। তালিকায় কেশবপুর আসনে কাজী রওনকুল ইসলামের নাম প্রকাশ করা হয়।

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন,

> “এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। কেশবপুর আসনটি দীর্ঘদিন ধানের শীষের ছিল না। আমি জনগণের ভোটে এই আসন পুনরুদ্ধার করতে চাই। দল আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার প্রতিদান দিয়ে যেন জনগণের সেবায় নিয়োজিত থাকতে পারি, সেটাই হবে আমার প্রধান কাজ।”




রওনকুল ইসলাম আরও বলেন,


> “বিএনপির ৩১ দফার কর্মসূচিতে তরুণদের জন্য কর্মসংস্থান তৈরির যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আমি নির্বাচিত হলে কেশবপুরের তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য কাজ করব। তরুণদের মাদক থেকে দূরে রেখে ক্রীড়া, সংস্কৃতি ও ক্যারিয়ার গঠনের পথে নিয়ে যেতে চাই। পাশাপাশি দলকে আরও শক্তিশালী করতে কাজ করে যেতে চাই।”




৪০ বছর বয়সী কাজী রওনকুল ইসলামের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার চিংড়া গ্রামে। তিনি কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। পরবর্তীতে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে সান্ধ্য স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নকালে ২০২২ সালে ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন।

‘অসুস্থতার’ কারণ দেখিয়ে ২০২৩ সালের আগস্টে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে এর দুই মাসের মাথায় তাঁকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য করা হয়।

রাজনীতির শুরু থেকেই সংগঠনের মাঠে সক্রিয় ছিলেন রওনকুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক ছাত্র থাকাকালেই তিনি ছাত্রদলের কর্মী হিসেবে পরিচিতি পান।

দলের তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে এবার জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। কেশবপুরের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এই তরুণ প্রার্থী।