বান্দরবানের ঘুমধুম সীমান্তে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৫, ১১:২৭ পিএম
বান্দরবানের ঘুমধুম সীমান্তে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

মো: রমজান আলী,  বান্দরবান প্রতিনিধি :

বান্দরবানের ঘুমধুম সীমান্তে চোরাচালান ও নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মিয়ানমারের ভেতরে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সশস্ত্র সংঘর্ষ চলছে। এ সংঘাতে সীমান্তবর্তী অধিকাংশ এলাকা স্বাধীনতাকামী আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে। এতে দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি আরাকান আর্মি বাংলাদেশে মাদক ও বিভিন্ন পণ্যের চোরাচালানে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে।

ফলে সীমান্ত সংলগ্ন ঘুমধুম এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থান গ্রহণ করেছে।

জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, “সীমান্ত এলাকায় অস্থিতিশীল পরিস্থিতির শঙ্কা দেখা দিলে প্রায়ই এ ধরনের সতর্ক অবস্থায় যেতে হয়। কয়েকদিন ধরে সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়নি।