বাঘাইছড়িতে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে মারিশ্যা জোন ২৭ বিজিবি
মো:ইমরান হোসেন,বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:
রাঙ্গামাটির বাঘাইছড়িতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাঘাইছড়ি উপজেলার শ্রীশ্রী রক্ষা কালি মন্দির পরিদর্শন করেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি)। পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি পূজা উদযাপন কমিটির কার্যক্রমে সহায়তার জন্য নগদ অর্থ এবং অসহায় ২০টি পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বিজিবি মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর শাহীন, সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
পরে জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “এবারের শারদীয় দুর্গোৎসব সুন্দরভাবে সম্পন্ন করতে বিজিবি বদ্ধপরিকর। পূজাকে ঘিরে যাতে কোনো ধরনের আইন-শৃঙ্খলার বিঘ্ন না ঘটে সে বিষয়ে বিজিবি সর্বদা সতর্ক দৃষ্টি রাখছে।”









