বাগেরহাটে বিএনপির সভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৩ কর্মী নিহত

প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ০২:২৩ পিএম
বাগেরহাটে বিএনপির সভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৩ কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক:

বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বিএনপির তিন কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় খুলনা-মোংলা মহাসড়কের বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন বিএনপির কর্মী জামির ইজাদ্দার (৫০), মিজান ব্যাপারি (৪৫) ও হরিপদ রায় (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ভাগা বালুর মাঠে বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমের এক নির্বাচনি সভা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা। সন্ধ্যার দিকে বাবুরবাড়ি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এর কিছুক্ষণ পর পিছন দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এমরান হোসেন বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশকে হস্তান্তর করেছি। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ বলেন, “দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের মরদেহ থানায় আনা হয়েছে।”

নিজ দলের তিন কর্মীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন বলেন, “যে তিনজন মারা গেছেন, তারা আমাদের দলের সক্রিয় কর্মী ছিলেন। একটি দলীয় সভা থেকে ফেরার পথে তারা সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। তাদের মৃত্যুতে আমরা গভীর শোক ও সমবেদনা জানাই।”

স্থানীয় এলাকায় তিন কর্মীর আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে উপজেলা বিএনপি।