বরগুনা জেলা বিএনপিতে নতুন আহ্বায়ক কমিটি, নেতৃত্বে নজরুল ইসলাম মোল্লা

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০০ পিএম
বরগুনা জেলা বিএনপিতে নতুন আহ্বায়ক কমিটি, নেতৃত্বে নজরুল ইসলাম মোল্লা

বরগুনা প্রতিনিধি:

দীর্ঘ তিন বছর পর বরগুনা জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সাংগঠনিক কাঠামোকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে নজরুল ইসলাম মোল্লাকে আহ্বায়ক, হুমায়ুন হাসান শাহীনকে সদস্য সচিব এবং ফজলুল হক মাস্টারকে প্রথম যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নতুন নেতৃত্ব বরগুনা জেলা বিএনপির কার্যক্রমে গতি আনবে এবং তৃণমূলে সংগঠনকে আরও সুসংহত করবে।

দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় নজরুল ইসলাম মোল্লা জানান, “বরগুনা জেলা বিএনপিকে নতুনভাবে গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”

সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন বলেন, “আমরা জনগণের অধিকার আদায়ের জন্য মাঠে থাকব। বরগুনার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিএনপিকে সক্রিয় করার উদ্যোগ নেওয়া হবে।”

প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার দায়িত্বকে গৌরবের পাশাপাশি চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে বলেন, “নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে জনগণের পাশে দাঁড়াব।”