বরগুনায় বিকাশ প্রতারণা চক্রের তিন সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৫, ০৯:০৬ পিএম
বরগুনায় বিকাশ প্রতারণা চক্রের তিন সদস্য গ্রেফতার

বরগুনা প্রতিনিধি:

বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের যৌথ অভিযানে বিকাশ প্রতারণা চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত এক মাস ধরে বরগুনার বিভিন্ন থানায় সাধারণ মানুষ বিকাশ প্রতারণার শিকার হচ্ছিলেন। এসব অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার অভিযোগগুলো আমলে নিয়ে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের নির্দেশ দেন।

পুলিশের সাইবার ক্রাইম টিম গত এক মাস ধরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রতারক চক্রটিকে শনাক্ত করে। পরবর্তীতে পুলিশ সুপার বরগুনার সার্বিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যৌথভাবে বিকেল সাড়ে ৪টার দিকে আমতলী থানার উত্তর টিয়াখালী এলাকা থেকে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন—

১. মো. সুজন (পিতা: মো. নাসির উদ্দিন হাওলাদার), দেবপুর, কলাপাড়া, পটুয়াখালী।

২. আব্দুর রহমান (২৫), পিতা: মো. দেলোয়ার মুন্সী।

৩. সুমি (২২), স্বামী: আব্দুর রহমান, উত্তর টিয়াখালী, আমতলী, বরগুনা।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন ব্যক্তিকে ফোন করে আত্মীয়স্বজন অসুস্থ বা অন্য সংবেদনশীল কারণ দেখিয়ে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিত। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।প্রতারকদের একজনের বিরুদ্ধে ইতোমধ্যে আমতলী থানায় মামলা দায়ের হয়েছে (মামলা নং-০৭, তাং-০৫/১০/২০২৫, ধারা-৪০৬/৪২০ দণ্ডবিধি)। মামলার বাদী মো. রাকিবুল খান জানান, প্রতারক চক্র তার ভাইয়ের অসুস্থতার অজুহাতে বিকাশের মাধ্যমে মোট ৩৮,০০০ টাকা হাতিয়ে নেয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা প্রতারণা চক্রের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে বরগুনাসহ অন্যান্য জেলায় একাধিক মামলা রয়েছে।জেলা সাইবার ক্রাইম টিম ও গোয়েন্দা শাখা জানিয়েছে, চক্রটির অন্যান্য সদস্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।