বজ্রপাতে নিহত নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী,ক্যাম্পাস জুড়ে শোকের ছায়া
মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি:
বজ্রপাতে নিহত হলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী রাশেদুল ইসলাম।
রবিবার (৫ অক্টোবর ২০২৫) দুপুর ২টার দিকে কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর ঘাটে এ ঘটনা ঘটে।
এসময় রাশেদুল ইসলাম ছাড়াও বজ্রপাতে আরও দুইজন নিহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা উজানচর-ভবানীপুর নৌকাঘাটে পারাপারের জন্য অপেক্ষা করছিলেন। সে সময় আকস্মিকভাবে বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান।
এযাবৎ প্রাপ্ত তথ্যমতে, অন্য দুইজন নিহত নারী হোমনা উপজেলার নালা দক্ষিণ গ্রামের বাসিন্দা। রাশেদুলের বাড়ি একই উপজেলার দুলালপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাশেদুল ছিলেন মেধাবী ও ভ্রমণপ্রেমী শিক্ষার্থী। পাশাপাশি তিনি কুমিল্লা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত বছরের শীতকালীন ছুটিতে তিনি বিদ্রোহী হল থেকে হেঁটে ১৩ দিনে টেকনাফ পৌঁছান, যা সহপাঠীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
বজ্রপাতের কবলে পড়ে শিক্ষার্থীর এই আকস্মিক মৃত্যুতে রাশেদুলের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।একইসাথে সহপাঠী ও শিক্ষকরাও শোকাহত।









