বগুড়ার নন্দীগ্রামে বিএনপি থেকে অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
বগুড়া প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে বিএনপি ছেড়ে অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। বুধবার বিকেলে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াত আয়োজিত এক অনুষ্ঠানে তাদেরকে বরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার সহসচিব মো. মিজানুর রহমান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু।
নব যোগদানকারীদের মধ্যে রয়েছেন ভাটগ্রাম ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি ফারুক হোসেন, ইউপি সদস্য আব্দুর রহিম, গোলাম রব্বানী, আলম রেজা, ইউসুফ আলী, মো. বদিউজ্জামান, আতাউর রহমান, মোরশেদুল ইসলাম, শাকিল আহমেদ, আনোয়ার হোসেন, গোলাম মোস্তফা, সেকেন্দার আলী, আব্দুল হাকিম, শাহিন হাসান, আব্দুল আলিম ও খোরশেদ মোস্তাকসহ অর্ধশতাধিক নেতাকর্মী। ড. মোস্তফা ফয়সাল পারভেজ তাদের গলায় ফুলের মালা পরিয়ে আনুষ্ঠানিকভাবে দলে বরণ করেন।
এদিকে এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হলে বিএনপির নেতাকর্মীরা নব যোগদানকারীদের আওয়ামী লীগপন্থী বলে মন্তব্য করছেন এবং তাদের বিভিন্ন ছবি পোস্ট করে সমালোচনা করছেন।
এ বিষয়ে ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, এই যোগদান নন্দীগ্রামে ইসলামী আন্দোলনের ভিত্তি আরও শক্তিশালী করবে। তিনি দাবি করেন, অন্তত ৫২-৫৩ জন নেতাকর্মী জামায়াতে যুক্ত হয়েছেন।
অন্যদিকে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, যাদের কথা বলা হচ্ছে তারা প্রকৃতপক্ষে বিএনপির কেউ নন। আব্দুর রহিমের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তিনি আগেও আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন, এখন আবার জামায়াতে গেছেন। এদের কারণে বিএনপির কোনো ক্ষতি হবে না।









