বউ পরকীয়া করলে স্বামী গ্রহণ করবে না, নির্বাচন কারচুপি করলে কে গ্রহণ করবে?

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ১১:২৬ এএম
বউ পরকীয়া করলে স্বামী গ্রহণ করবে না, নির্বাচন কারচুপি করলে কে গ্রহণ করবে?


স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রদলের প্রার্থী মো. শাফায়াত হোসেন বলেছেন, “বউ পরকীয়া করলে স্বামী গ্রহণ করবে না, আর নির্বাচনে কারচুপি হলে কে গ্রহণ করবে? তবে আমরা অবশ্যই নির্বাচন কারচুপিটা ঠেকাব, ইনশাল্লাহ। আমরা মাঠে আছি, সর্বোচ্চ চেষ্টা করব।”


বুধবার (১৫ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভোটকেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


শাফায়াত হোসেন বলেন, “ডাকসু ও জাকসু নির্বাচনের পর আমরা দেখেছি ব্যালট পেপার নিয়ে নানা অভিযোগ উঠেছিল। তাই আশঙ্কা থাকলেও আমরা আশা করছি, চবি প্রশাসন এবার সেই ভুলের পুনরাবৃত্তি করবে না। তারা একটা নতুন ইতিহাস তৈরি করবে।”


তিনি আরও বলেন, “বর্তমান পরিস্থিতি এখন পর্যন্ত সন্তোষজনক। তবে এটি কতক্ষণ টিকবে, সেটাই প্রশ্ন। আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা ঐতিহ্য আছে— কোনো প্রোগ্রামের শুরুতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকে, পরে ঢিলে হয়ে যায়। প্রশাসনকে আমরা এই বিষয়টি নিয়ে বারবার সতর্ক করেছি।”


জিএস প্রার্থী শাফায়াত ভোটার উপস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “শহরে থাকা অনেক শিক্ষার্থী এখনো দ্বিধায় আছে— আসবে কি আসবে না। পর্যাপ্ত বাসের ব্যবস্থা করা হয়নি। প্রশাসন জানিয়েছে ৩৫ থেকে ৪০টি বাস দেওয়া হয়েছে, কিন্তু এটি যথেষ্ট নয়। তারপরও আমরা আশাবাদী— ৩৫ বছর পর নির্বাচন হচ্ছে, শিক্ষার্থীরা নিশ্চয়ই আসবেন ও ভোট দেবেন।”


বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে শাফায়াত বলেন, “চবি ছাত্রদল কখনো সাধারণ শিক্ষার্থীদের বাইরে গিয়ে কাজ করেনি। ফ্যাসিবাদের আমলেও আমরা তাদের পাশে ছিলাম। তাই এবারও সাধারণ শিক্ষার্থীরা আমাদের সঙ্গেই থাকবে।”