ফেসবুক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে নবম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার, যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১০:২৯ এএম
ফেসবুক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে নবম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার, যুবক গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি:

ফেসবুক বন্ধুত্বের সূত্র ধরে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে নবম শ্রেণির এক স্কুলছাত্রী। এ ঘটনায় ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলায় অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনার পূর্বধলা উপজেলার ওই স্কুলছাত্রীর সঙ্গে প্রায় পাঁচ–ছয় মাস আগে ফেসবুকে পরিচয় হয় দুর্গাপুর উপজেলার মাধুপাড়া গ্রামের রিংকু রংদী (২১)-এর। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে।

গত ২৭ অক্টোবর সকালে ছাত্রীটি বাড়ি থেকে বের হয় রিংকুর সঙ্গে দেখা করার কথা বলে। পরে রিংকু তাকে নিয়ে সারাদিন ঘুরে বেড়ায়। সন্ধ্যায় সে নিজ বাড়িতে থেকে যাওয়ার প্রস্তাব দিলে ছাত্রীটি রাজি হয়।

রাতে রিংকু প্রথমে মেয়েটিকে একটি কক্ষে থাকতে দিয়ে অন্য কক্ষে যায় বলে জানায়। তবে রাত আনুমানিক ১১টার দিকে কৌশলে সে ওই কক্ষে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রিংকু পালিয়ে যায়।

পরদিন সকালে ভুক্তভোগীর মা দুর্গাপুরে গিয়ে মেয়েকে নিয়ে আসেন এবং ওই রাতেই থানায় মামলা করেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন,

> “অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান চালিয়ে রিংকু রংদীকে গ্রেপ্তার করে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার (মেডিকেল) জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।