ফার্মগেটে মেট্রোরেল লাইনের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: স্বজনদের আহাজারিতে শোকাহত সোহরাওয়ার্দী

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ০৮:৫৬ পিএম
ফার্মগেটে মেট্রোরেল লাইনের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: স্বজনদের আহাজারিতে শোকাহত সোহরাওয়ার্দী

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল লাইনের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম (৩৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ফুটপাতে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর নিহতের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হলে সেখানে শোকের আবহ নেমে আসে। বারবার মূর্ছা যাচ্ছিলেন কালামের স্ত্রী আইরিন আক্তার পিয়া। কোলে ছোট ছেলেকে নিয়ে তিনি বিলাপ করে বলেন, “আজকে আমি ওকে বিদায় দিতে চাইনি। দরজাও লাগাতে পারিনি। আমার বাচ্চাদের কী হবে?”

স্বজনরা জানান, শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি এলাকার জলিল চোকদারের ছেলে আবুল কালাম পরিবারসহ নারায়ণগঞ্জে থাকতেন। একটি ট্রাভেল এজেন্সিতে বিমান টিকিট বিক্রির কাজ করতেন তিনি। তার দুই ছেলে—একজন ৩ বছর বয়সী, আরেকজন ৪ বছর।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ফুটপাত দিয়ে হাঁটার সময় হঠাৎ উপর থেকে একটি ভারী বস্তু পড়ে মাথায় আঘাত লাগে কালামের। ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় ফুটপাতের একটি চায়ের দোকানও ক্ষতিগ্রস্ত হয়।

তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন জানান, মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে তদন্ত চলছে।

ইলাস্টোমেরিক বিয়ারিং প্যাড সাধারণত রাবার বা নিওপ্রেন দিয়ে তৈরি হয় এবং সেতু বা উড়ালসেতুর স্থিতিশীলতা ও কম্পন নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। এসব প্যাড ওজনে বেশ ভারী হওয়ায় এ ধরনের প্যাড খুলে পড়লে মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়।

উল্লেখ্য, এর আগেও একই মেট্রো লাইনে গত ১৮ সেপ্টেম্বরে Farmgate-এর খামারবাড়ি এলাকায় একটি বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা ঘটে। তখন আগারগাঁও-টু-মতিঝিল রুটে ট্রেন চলাচল ১১ ঘণ্টা বন্ধ ছিল।

স্বজনদের দাবি, অবহেলাজনিত মৃত্যু মেনে নেওয়া যায় না। দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।