ফার্মগেটে মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল কালামের দাফন সম্পন্ন

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ০৩:৪৭ পিএম
ফার্মগেটে মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল কালামের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালাম (৩৫) এর লাশ দাফন করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার পোড়াগাছা মাদ্রাসা মাঠে জানাজা শেষে নড়িয়া পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে রোববার গভীর রাতে তার লাশ গ্রামের বাড়ি পৌঁছায়।

নিহত আবুল কালাম ইশ্বরকাঠি গ্রামের মৃত জলিল চোকদারের ছেলে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে তিনি ঢাকায় একটি ট্রাভেল এজেন্সি পরিচালনা করতেন। পরিবার নিয়ে বসবাস করতেন নারায়ণগঞ্জের জলকাঠি এলাকায়।


স্বামীহারা স্ত্রী আইরিন আক্তার পিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার সন্তানরা এখনো বুঝতে পারছে না তাদের বাবা আর বেঁচে নেই। ওরা বলে, বাবা ঘুমাচ্ছে মা, তুমি কান্না করোনা। আমি কীভাবে ওদের বোঝাই যে, তাদের বাবা আর কোনোদিন ফিরবে না।” আবুল কালামের এক ছেলে আব্দুল্লাহ (৫) এবং এক মেয়ে সুরাইয়া আক্তার (৩) রয়েছে।

চাচাতো ভাই আব্দুল গণি চোকদার ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারি অব্যবস্থাপনার কারণে আমার ভাই মারা গেল। এ মৃত্যুর দায় কে নেবে? পরিবার কীভাবে এগোবে এখন?”

এদিকে মেট্রোরেলের সহকারী প্রকৌশলী আরিফুর রহমান জানান, নিহতের পরিবারকে সমবেদনা জানানো হয়েছে এবং দাফন কার্যক্রমে অংশগ্রহণ করা হয়েছে। তিনি আশ্বাস দিয়ে বলেন, “কর্তৃপক্ষ পরিবারের প্রতি সর্বোচ্চ সহযোগিতা করবে।”

নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানাজা ও দাফনে অংশ নেয়া হয়েছে। তিনি বলেন, “আমরা পরিবারের পাশে আছি। তাদের যে কোনো প্রয়োজনে প্রশাসন সহযোগিতা করবে।”

হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রামজুড়ে। প্রিয় মানুষের অকাল মৃত্যুতে ভেঙে পড়েছে তার পরিবার ও স্বজনরা। স্থানীয়দের দাবি, দায়িত্বহীনতার কারণে এমন প্রাণহানি ভবিষ্যতে যেন আর না ঘটে তার জন্য কঠোর ব্যবস্থা নিতে হবে।