প্লট দূর্নীতি মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ০৮:৪২ পিএম
প্লট দূর্নীতি মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ

নিজস্ব প্রতিবেদক:

পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মোট ২৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করেন।

এদিন মামলার শেষ সাক্ষী ও তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়াকে জেরা করেন আসামি খুরশীদ আলমের আইনজীবী অ্যাডভোকেট শাহিন উর রহমান। জেরা শেষে আদালত জানান, সাক্ষ্য গ্রহণ পর্যায় শেষ হয়েছে।

আইনপ্রক্রিয়া অনুযায়ী এরপর আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থন ধাপ শুরু হবে। এজন্য আদালত আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন।

মামলাটি নিয়মিত বিচারাধীন রয়েছে। আগামী তারিখে আসামিরা আদালতে আত্মপক্ষ সমর্থনের বক্তব্য দেবেন বলে জানা গেছে।