পুলিশের হাত থেকে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতাকে কেঁড়ে নিল স্বজনরা
ডেস্ক রিপোর্ট:
বগুড়ার শিবগঞ্জে পুলিশের হাত থেকে হাতকড়াসহ উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার চকভোলা খাঁ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল ইসলাম রাজু রাতে নিজ গ্রামে মামাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যান। খবর পেয়ে পুলিশের একদল সদস্য সেখানে অভিযান চালায়।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আল মামুনের নেতৃত্বে পুলিশ রাজুকে গ্রেপ্তার করে হাতকড়া পরায়। পরে তাকে থানায় নিয়ে যাওয়ার সময় তার কয়েকশ আত্মীয়স্বজন ও অনুসারী পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে হাতকড়া পরা অবস্থায় রাজুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় তারা।
হামলায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ সূত্রে জানা যায়, রিজ্জাকুল ইসলাম রাজুর বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও নাশকতাসহ অন্তত ১৬টি মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন।
ঘটনার পর হাতকড়াসহ পলাতক রাজুকে পুনরায় ধরতে পুলিশ ব্যাপক অভিযান শুরু করেছে। উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।
এ বিষয়ে জানতে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে থানায় দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল বলেন, “ঘটনার তদন্ত চলছে, আপাতত এ বিষয়ে মন্তব্য করতে পারছি না।”
স্থানীয়রা জানান, ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সন্ধ্যার পর থেকেই চকভোলা ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।









