পালিয়ে যাওয়ার চেষ্টাকালে শামীম ওসমানের সহযোগী আজিজ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি শামীম ওসমানের অন্যতম সহযোগী আজিজুর রহমান আজিজকে ভারত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ইমিগ্রেশন পুলিশ ও দর্শনা থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে আটক করে।
দর্শনা থানার ওসি (তদন্ত) সুলতান মাহমুদ জানান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আজিজকে গ্রেপ্তারে সহায়তা চেয়েছিল। সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করা হলে রাতেই ডিবি পুলিশের টিমের কাছে হস্তান্তর করা হবে।
ডিবি তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার রাকিব খান বলেন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের হওয়া একটি চাঁদাবাজি মামলায় আজিজ এজাহারভুক্ত আসামি। সোমবার তাকে আদালতে তোলা হবে এবং তদন্তের স্বার্থে রিমান্ড আবেদন করা হবে।
দীর্ঘদিন ধরেই পলাতক আজিজের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, লুটপাট ও জাল-জালিয়াতিসহ অর্ধ-ডজনের বেশি মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকারের সময়কাল ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত তেজগাঁওয়ের এরশাদ গ্রুপের গোডাউন থেকে বিপুল পরিমাণ মালামাল লুট এবং নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব ঘটনায় গত বছর সেপ্টেম্বরে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা হয়, যেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩০ জনকে আসামি করা হয়। মামলাটি তদন্ত করছে গোয়েন্দা পুলিশ।
এছাড়া নারায়ণগঞ্জে এরশাদ গ্রুপের রড কারখানায় হামলা, মেশিনারিজ লুট ও দখল কার্যক্রমে আজিজের যোগসাজশও পুলিশের তদন্তে উঠে এসেছে। অভিযোগ অনুযায়ী, এবি ব্যাংক থেকে ২০০ কোটি টাকা ঋণ নিয়ে গড়ে ওঠা কারখানাটির মালিককে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানোর পর শামীম ওসমান, আজিজ ও তার সহযোগীরা কারখানাটি দখল করে নেয় এবং লুটপাট চালায়।
গ্রেপ্তারের পর আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা মনে করছেন, এ সকল মামলার তদন্ত এখন আরও জোরদার হবে।









