পাবনা সদরে ১০৪৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
আব্দুল কাইউম, পাবনা প্রতিনিধি :
পাবনা সদর উপজেলায় ১০৪৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন হয়েছে।
সোমবার, (০৩ নভেম্বর)তারিখে অনুষ্ঠিত এ কার্যক্রমটি ২০২৫–২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বাস্তবায়িত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম প্রামানিক, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা। তিনি বলেন, “কৃষকরা দেশের প্রাণ। তাদের অক্লান্ত পরিশ্রমে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সরকারের পক্ষ থেকে কৃষকদের সহায়তায় প্রণোদনা দেওয়া হচ্ছে, যা সঠিকভাবে ব্যবহার করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ মোঃ রাফিউল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য), ডিএই, পাবনা। স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ জাকিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার, এবং সঞ্চালনা করেন কৃষিবিদ শৈলেন কুমার পাল।
রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১০৪৮০ জন কৃষকের মাঝে সরিষা, গম, মসুর, পেঁয়াজ, খেসারি, চিনা বাদাম, অড়হর ও সূর্যমুখীসহ বিভিন্ন শস্যের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়।









