পাবনা বিসিকে ভেজালবিরোধী অভিযান: দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩০ পিএম
পাবনা বিসিকে ভেজালবিরোধী অভিযান: দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

পাবনা প্রতিনিধি:

পাবনা বিসিক শিল্পনগরীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভেজাল ও নকল পণ্য উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টার দিকে পরিচালিত অভিযানে মুনতাহা ফুড প্রডাক্টস কর্তৃপক্ষকে প্রানের আদলে অনুমোদনবিহীন লাচ্চি ও স্পিডের আদলে নকল স্প্রেড তৈরির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে প্রতিষ্ঠানটির উৎপাদিত ভেজাল ও নকল পণ্য পুড়িয়ে ধ্বংস করা হয়।

এছাড়া, বিসিক শিল্পনগরীর পাশেই অবস্থিত শরন মিষ্টি কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, জনস্বার্থে ভেজালবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনাকালে র‌্যাব ও আনসার বাহিনীর একটি চৌকস দল উপস্থিত থেকে সহযোগিতা করেন।