পাবনা ফরিদপুরে পোষাপ্রাণীর ফ্রি জলাতঙ্ক টিকাদান ক্যাম্পেইন শুরু
পাবনা প্রতিনিধি :
এক সপ্তাহব্যাপী কর্মসূচিতে বিনামূল্যে টিকা পাবে কুকুর–বিড়ালসহ বিভিন্ন পোষাপ্রাণী
পাবনার ফরিদপুর উপজেলায় প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে পোষাপ্রাণীর জন্য বিনামূল্যে জলাতঙ্ক টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলার ওয়াজে উদ্দিন পৌর মুক্তমঞ্চে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহবুব হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা–কর্মচারীসহ স্থানীয় প্রাণিপ্রেমীরা। ক্যাম্পেইন পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মো. আলহাজ উদ্দিন।
আয়োজকরা জানান, এ কর্মসূচি এক সপ্তাহব্যাপী চলমান থাকবে। এর মাধ্যমে ফরিদপুর উপজেলায় কুকুর, বিড়ালসহ বিভিন্ন প্রকার পোষাপ্রাণীকে বিনামূল্যে জলাতঙ্কের টিকা দেওয়া হবে। স্থানীয় জনগণকে তাদের পোষাপ্রাণীদের নিয়ে এসে টিকা দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ হলেও সময়মতো টিকা দিলে এটি শতভাগ প্রতিরোধযোগ্য। পোষাপ্রাণীদের টিকা প্রদান শুধু প্রাণীদেরই নয়, মানুষের স্বাস্থ্য সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রতিটি মানুষকে নিজস্ব পোষাপ্রাণীকে নিয়মিত টিকা দেওয়ার বিষয়ে সচেতন হতে হবে।
স্থানীয় প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পাবে এবং উপজেলায় পোষাপ্রাণীর সুরক্ষা ও মানুষের ঝুঁকি হ্রাস পাবে।









