পাবনায় স্পিডের আদলে তৈরি নকল ‘স্পাইডার’ পানীয় ধ্বংস, কারখানায় জরিমানা

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ০৩:৪৫ পিএম
পাবনায় স্পিডের আদলে তৈরি নকল ‘স্পাইডার’ পানীয় ধ্বংস, কারখানায় জরিমানা

আব্দুল কাইউম :

পাবনায় জনপ্রিয় পানীয় স্পিডের নাম ও বোতলের আদলে তৈরি নকল ও ক্ষতিকর পানীয় ‘স্পাইডার’ উৎপাদনের কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে পাবনা পৌর এলাকার দক্ষিণ রাঘবপুরে অবস্থিত লাভলী ফুড ইন্ডাস্ট্রিজে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি জানান, বিএসটিআই অনুমোদন ছাড়া গোপনে নকল পানীয় তৈরি ও বাজারজাত করার অভিযোগে কারখানাটি থেকে বিপুল পরিমাণ ‘স্পাইডার’ পানীয় জব্দ করা হয়। এগুলো স্পিডের আদলে তৈরি হওয়ায় জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ ছিল।

অভিযানকালে নকল পানীয় ধ্বংস ও কারখানা কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মালিককে ভবিষ্যতে এমন পণ্য আর উৎপাদন না করার মুচলেকা নেওয়া হয়। সতর্ক করে বলা হয়, পুনরায় এ ধরনের কাজ করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ অভিযানে পাবনা জেলা ব্যাটালিয়ন, ক্যাব, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, এনএসআইসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। 

সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, ভোক্তার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।