পাবনায় বিশ্ব মান দিবস উদযাপিত

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ০৭:২০ পিএম
পাবনায় বিশ্ব মান দিবস উদযাপিত

আব্দুল কাইউম, পাবনা প্রতিনিধি: 

সমন্বিত উদ্যোগ টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান’ এই প্রতিপাদ্যে পাবনায় ৫৬ তম বিশ্ব মান দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার ১৪ অক্টোবর পাবনা জেলা পরিষদ রশিদ হলে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, পাবনা কর্তৃক বিশ্ব মান দিবস-২০২৫ উপলক্ষে সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উম্মে তাবাসসুম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবুল কালাম আজাদ, সিভিল সার্জন, মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এবং মোঃ তৌফিক ইকবাল, উপপরিচালক, এনএসআই, পাবনা ।

প্রধান অতিথি বলেন সঠিক মানের পণ্য উৎপাদন ও বিক্রয় বিপণন করতে এবং সমন্বিতভাবে টেকসই উন্নত বিশ্ব গড়তে উৎপাদক, আমদানিকারক, গবেষক, ক্রেতা ভোক্তা-বিক্রেতা ও বিএসটিআই-এর কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে উদ্যোগী ভূমিকা পালন করার উদাত্ত আহবান জানান

বিশেষ অতিথিগণ তাদের বক্তবে বলেন টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে বিএসটিআইসহ উপস্থিত সকলকে নৈতিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার অনুরোধ জানান।

বিএসটিআই’র উপপরিচালক ও অফিস প্রধান ইসরাত জেরিন সভার সভাপতি হিসেবে স্বাগত বক্তব্যে বিএসটিআই’র পরিচিতি, কার্যক্রম, বিশ্ব মান দিবস পালনের উদ্দেশ্য ও সার্থকতা, আন্তর্জাতিক মান সংস্থাসমূহের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে বাংলাদেশের জাতীয় মান উন্নয়নে বিএসটিআই’র ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। এছাড়াও তিনি সঠিক মানের পণ্য উৎপাদন ও ভেজাল পণ্য প্রতিরোধে বিএসটিআই’র কার্যক্রম  জোরদার করার প্রতিশ্রুতি প্রদান করেন । 

উক্ত আলোচনা অনুষ্ঠানে ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।