পররাষ্ট্র ক্যাডার থেকে অপসারিত বুয়েট ছাত্রলীগের সাবেক নেতা অনির্বাণ সাহা

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ০৩:০১ এএম
পররাষ্ট্র ক্যাডার থেকে অপসারিত বুয়েট ছাত্রলীগের সাবেক নেতা অনির্বাণ সাহা

নিজস্ব প্রতিবেদক:

বুয়েট ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অনির্বাণ সাহা পররাষ্ট্র ক্যাডার থেকে অপসারিত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে সরকারি চাকরি থেকে অপসারণের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর ধারা ৬(২)(এ) অনুযায়ী ৪৩তম বিসিএস (পররাষ্ট্রবিষয়ক) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ সহকারী সচিব অনির্বাণ সাহাকে সরকারি চাকরি থেকে অপসারণ করা হলো।

বুয়েট শিক্ষার্থীরা জানান, ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত হওয়ার আগ পর্যন্ত নজরুল ইসলাম হল শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন অনির্বাণ। ক্যাম্পাসে বিভিন্ন সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা, টর্চার সেল পরিচালনাসহ নানাবিধ সন্ত্রাসী কর্মকাণ্ডে নেতৃত্ব দিতেন তিনি। এসব অভিযোগ তুলে তার বিসিএস নিয়োগ বাতিলের দাবি জানিয়ে শিক্ষার্থীরা লিখিত স্মারকলিপি দেয় সংশ্লিষ্ট দপ্তরে।

২০২৪ সালের ১৫ জানুয়ারি সহকারী সচিব হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন অনির্বাণ সাহা। তার রেজিস্ট্রেশন নম্বর ১৪০২৬২২১ এবং বিসিএস গেজেটের সিরিয়াল নম্বর ২৩।

বুয়েট শিক্ষার্থীদের অভিযোগ, অনির্বাণের বিরুদ্ধে ক্যাম্পাসে অসংখ্য নির্যাতন ও মারধরের ঘটনা রয়েছে। তাকে ক্যাম্পাসের ‘মূর্তিমান আতঙ্ক’ হিসেবেই চিনতেন সাধারণ শিক্ষার্থীরা। এমন প্রেক্ষাপটে তার সরকারি চাকরিতে নিয়োগ নিয়ে শুরু থেকেই সমালোচনার ঝড় ওঠে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিয়ে গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও, অভ্যন্তরীণ অনুসন্ধানে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রমাণ পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

অনির্বাণের অপসারণকে শিক্ষার্থীরা স্বাগত জানিয়েছে। তারা বলছে, অপরাধীদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে স্থান নেই, এই সিদ্ধান্ত সেই বার্তাকেই শক্তিশালী করল।