পতিত স্বৈরাচারের অপতৎপরতা রুখতে জাবিতে জাকসুর মোটরসাইকেল মহড়া ও অবস্থান কর্মসূচি

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ০৬:০৬ এএম
পতিত স্বৈরাচারের অপতৎপরতা রুখতে জাবিতে জাকসুর মোটরসাইকেল মহড়া ও অবস্থান কর্মসূচি

রেদওয়ান সাগর, জাবি প্রতিনিধি:

ফ্যাসিস্ট সরকারের রায়কে কেন্দ্র করে সম্ভাব্য অপতৎপরতা প্রতিরোধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) মোটরসাইকেল মহড়া ও অবস্থান কর্মসূচি পালন করছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ১০টায় বটতলায় জমায়েত হয়ে শতাধিক শিক্ষার্থী ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকায় মোটরসাইকেল মহড়ায় অংশগ্রহণ করেন।

এসময় অংশগ্রহণকারীরা ‘বিচার চাই’, ‘স্বৈরাচারের বিচার চাই’, আওয়ামী-ছাত্রলীগের দালালেরা, হুশিয়ার সাবধান’, ‘খুনি হাসিনার বিচার চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

মহড়া শেষে জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, “দেশে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই কোনো ফ্যাসিবাদী বা সন্ত্রাসী তৎপরতা এখানে সহ্য করা হবে না।”

তিনি আরও বলেন, “জুলাইয়ে শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, নিরাপত্তা বাহিনী ও শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছে যাতে কোনো অরাজকতা না ঘটে।”

জাকসুর সহ-সভাপতি আব্দুর রশিদ জিতু বলেন, “আগামীকালরর রায়কে কেন্দ্র করে যে নাশকতার পরিকল্পনা করা হচ্ছে আমরা এর বিরুদ্ধে সতর্ক আছি। যদি কেউ ক্যাম্পাস বা আশপাশে অরাজকতা সৃষ্টি করতে চায়, তাদের কঠোরভাবে প্রতিরোধ করা হবে।”

জাকসুর অন্যান্য নেতারা জানিয়েছেন, ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা সারারাত বিভিন্ন গুরুত্বপূর্ণ গেটগুলোতে অবস্থান কর্মসূচি পালন করবো।