নোয়াখালীর কবিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাটে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নারীও রয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে কবিরহাট-বসুরহাট সড়কের ইসলামিয়া আলিম মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—কোম্পানীগঞ্জ উপজেলার চর কাকড়া গ্রামের সিরাজুল হকের ছেলে মো. সুমন (৩০), বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মৃত খুরশিদ আলমের ছেলে অটোরিকশাচালক মো. শাহ আলম (৪৭) এবং নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী ও সেনবাগ উপজেলার ফকিরহাট গ্রামের আবুল কাশেমের ছেলে তানিম হাসান (২২)।
প্রত্যক্ষদর্শী কবিরহাট উপজেলার বাসিন্দা মো. রুবেল জানান, “দুপুরে মাইজদী থেকে বসুরহাটগামী একটি যাত্রীবাহী অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে কবিরহাট ইসলামিয়া আলিম মাদরাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই চালকসহ ছয়জন মারা যান।”
কবিরহাট ফায়ার সার্ভিস স্টেশন লিডার ফিরোজ আলম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেছি। বাকিদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।”
কবিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস কে দেবনাথ বলেন, “একজন নারী (২২)কে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে আহত অবস্থায় আরও দুই নারী-পুরুষকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়, সেখানেও তাদের মৃত্যু হয়।”
দুর্ঘটনার পর কবিরহাট-বসুরহাট সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
স্থানীয়দের ধারণা, বেপরোয়া গতির কারণেই এ প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।









