নোয়াখালীতে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ২ বাইক আরোহী
জুয়েল রানা, নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এক নারী পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের চৌমুহনী-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বারাহিপুর গ্রামের শাহরিয়া সহিদ (২০) ও মোশারফ হোসেন (২০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সোনাইমুড়ী বাজার থেকে মোটরসাইকেলে করে সহিদ ও মোশারেফ চৌমুহনী বাজারের উদ্দেশে রওনা দেন। পথে তারা চৌমুহনী-সোনাইমুড়ী আঞ্চলিক সড়কের বগাদিয়া এলাকায় পৌঁছালে এক নারী পথচারী হঠাৎ রাস্তা অতিক্রম করার চেষ্টা করেন।
এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলের এক আরোহী ঘটনাস্থলে মারা যান। আরেকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এক পথচারীকে বাঁচাতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।









