নোবেল জয়ী ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মাচাদোকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা
স্টাফ রিপোর্টার:
শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদোকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
এক বার্তায় ড. ইউনূস বলেন, “মাচাদোর সাহসী নেতৃত্ব এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই বিশ্বজুড়ে মানুষকে অনুপ্রাণিত করেছে। কঠোর দমন সত্ত্বেও তিনি দেশ ও জনগণের জন্য একটি মুক্ত ও ন্যায়সঙ্গত ভবিষ্যতের জন্য অবিচল প্রতিজ্ঞার সঙ্গে লড়াই করেছেন।”
তিনি আরও উল্লেখ করেন, নোবেল কমিটি সত্যিকার অর্থেই এমন একজন নেত্রীকে বেছে নিয়েছে, যিনি স্বাধীনতা ও মানবাধিকারের প্রতীক হয়ে উঠেছেন। ড. ইউনূস বলেন, “গণতন্ত্র নির্ভর করে তাদের ওপর, যারা নীরব না থেকে বিপদের মুখেও এগিয়ে আসে। যারা আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতা কখনোই ‘টেকেন ফর গ্রান্টেড’ নয়, বরং তা সর্বদা রক্ষা করতে হয়— শব্দ, সাহস ও দৃঢ়তার সঙ্গে।”
উল্লেখ্য, মারিয়া কোরিনা মাচাদো ২০২৫ সালের শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেছেন ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানবাধিকারের পক্ষে তার দীর্ঘ লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ।









