নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা বরিকুল ইসলাম বাঁধন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বিজয়নগর এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিবুর রহমান হলের সাবেক সভাপতি বরিকুল ইসলাম বাঁধনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকালে রাজধানীর বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একটি বিশেষ টিম। এ সময় তিনি সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
সিটিটিসি সূত্রে জানা যায়, বরিকুল ইসলাম বাঁধন রাজধানীতে নাশকতা সৃষ্টির পরিকল্পনা ও নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন সহিংস কার্যক্রম সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। সাম্প্রতিক সময়ে তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংগঠনের পুনর্গঠনের গোপন সভা ও অনলাইন প্রচারণার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলেও জানা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৭ সালে আরবি বিভাগের শিক্ষার্থী ও শিবির নেতা মো. নাজমুল বাশারকে রাতভর নির্যাতনের অভিযোগে বাঁধনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়। এছাড়া ২০১৯ সালের ডাকসু নির্বাচনের পর এসএম হল সংসদের প্রার্থী মো. ফরিদ হাসানকে মারধরের ঘটনাতেও বাঁধনের অনুসারীদের নাম উঠে আসে।
তবে বাঁধনের পরিবারের দাবি, তিনি রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণার আগেই ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমানে কোনো অবৈধ কার্যক্রমে সম্পৃক্ত নন।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে দায়ের করা পুরোনো মামলাগুলোর তদন্ত নতুন করে খতিয়ে দেখা হবে। প্রয়োজন হলে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠনের গোপন তৎপরতা বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরদারি ও অভিযান জোরদার করেছে।









