নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী ঝুমাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে ডিবি
নিজস্ব প্রতিবেদক:
নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস ঝুমাসহ আরও সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, “গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার রয়েছেন। নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
সূত্রে জানা যায়, সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে দলীয় নিষেধাজ্ঞা অমান্য করে বৈঠক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অভিযোগে তাদের নজরদারিতে রাখে গোয়েন্দা সংস্থা। পরবর্তীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানা গেছে, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (কলমাকান্দা–দুর্গাপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন জান্নাতুল ফেরদৌস ঝুমা। তবে দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। এরপর থেকেই তার রাজনৈতিক কর্মকাণ্ড বিতর্কের সৃষ্টি করে।
গ্রেপ্তার অন্যদের পরিচয় ও বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে ডিবি।









