নির্বাচন বিলম্বিত হলে সংকট বাড়বে : আমীর খসরু
ডেস্ক রিপোর্ট:
নির্বাচন বিলম্বিত হলে দেশের সংকট আরও ঘনীভূত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় বিআইআইএসএস অডিটোরিয়ামে ‘সংস্কার ও নির্বাচন : প্রেক্ষিত জাতীয় ঐক্য’ শীর্ষক সেমিনারে তিনি বলেন, “ঐতিহাসিকভাবে প্রমাণিত, যে দেশগুলো গণ-অভ্যুত্থানের পর দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে গেছে, তারা ভালো অবস্থানে আছে। আর যারা নির্বাচন বিলম্ব করেছে, সেখানে গৃহযুদ্ধ, সামাজিক বিভক্তি ও অর্থনৈতিক বিপর্যয় ঘটেছে।”
বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে খসরু বলেন, “১৪ মাস পার হলেও আমরা এখনো তর্ক-বিতর্কেই আছি। অথচ পাশের দেশ নেপালের উদাহরণ আছে, যেখানে দ্রুত নির্বাচন তারিখ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ আবারও প্রতিনিধিত্বহীন রাষ্ট্রে পরিণত হয়েছে।”
তিনি জোর দিয়ে বলেন, দেশের মানুষ নির্বাচিত সরকার ও প্রতিনিধিত্বশীল সংসদ চায়—যেখানে সরকারের দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিশ্চিত থাকবে।
জাতীয় ঐক্য ও সংস্কারের প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, “যতটুকু ঐকমত্য হয়েছে, তার ভিত্তিতেই অধ্যায়টি শেষ করা উচিত। পিআর নিয়ে এত আলোচনা কেন? প্রতিনিয়ত জাতিকে বিভ্রান্ত ও বিভক্ত করছি কেন?”
বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি এবং জনগণের কাছে তা তুলে ধরেছি। আবারও জনগণের কাছে যাব। কিন্তু এর বাইরে যে এক্সারসাইজ চলছে, তা লাভের থেকে ক্ষতি বেশি করছে কি না, সেটি ভাবার সময় এসেছে।”









