নির্বাচনে জামায়াত অন্তত ১৬০ টি আসন পাবে: শিবির সেক্রেটারি

প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৫, ১১:০২ পিএম
নির্বাচনে জামায়াত অন্তত ১৬০ টি আসন পাবে: শিবির সেক্রেটারি

ডেস্ক রিপোর্ট:

ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, সামনে জাতীয় নির্বাচনে তাদের জন্য যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা অতীতে কল্পনাও করা যায়নি। তিনি দাবি করেন, শিবির ও জামায়াত মিলে অন্তত ১৬০টি আসন পাওয়ার আশা করছে।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে খুলনা নগরীর সোনাডাঙ্গা থানাধীন আল ফারুক সোসাইটি মিলনায়তনে অনুষ্ঠিত সদস্য পুনর্মিলনী (১৯৭৭-২০২৫) অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল ‘সম্প্রীতির টানে শিকড়ের পানে’। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

নুরুল ইসলাম সাদ্দামের বক্তব্য

সাদ্দাম বলেন,

> “আমরা আগে ১৮ থেকে সর্বোচ্চ ৫০টি আসন পেতাম। কিন্তু এখন এত বড় শিপমেন্ট এসেছে যে অন্তত ১৬০টি আসনে আমাদের জয় নিশ্চিত হবে—আলহামদুলিল্লাহ।”

তিনি তরুণদের উদ্দেশে বলেন, বার্ধক্য আসার আগেই যৌবনের সময়কে মূল্য দিতে হবে। প্রাক্তন দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নেতৃত্বের প্রতি আস্থা রাখতে হবে, কারণ নেতৃত্ব দূরদর্শিতা থেকে সিদ্ধান্তu গ্রহণ করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রশিবিরের অর্জনের কথা তুলে ধরে তিনি বলেন, একসময় যেখানে দাঁড়ানোর সুযোগ ছিল না, আজ সেখানে সংগঠন বিজয়ী হওয়ার সুযোগ পাচ্ছে।

অহংকার ও বিভাজন থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সাদ্দাম বলেন,

> “আমাদের মধ্যে অহংবোধ আসা যাবে না। সামাজিক মাধ্যমে আবেগের বশবর্তী হয়ে বিতর্কে জড়ানো থেকে বিরত থাকতে হবে। যে আমাদের গালি দেবে, আমরা তাদের প্রতিউত্তর দেব না—কারণ গালি কোনো প্রতিউত্তর হতে পারে না।”

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগরী ছাত্রশিবির সভাপতি আরাফাত হোসেন মিলন এবং পরিচালনা করেন সেক্রেটারি রাকিব হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন

মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান

মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল

প্রধান অতিথি মিয়া গোলাম পরওয়ার বলেন, ছাত্রশিবিরের প্রাক্তন ও বর্তমান কর্মীদের মধ্যে সম্প্রীতির বন্ধন শক্তিশালী হলে সামনে আরও বড় অর্জন সম্ভব হবে।